পূজায় টানা চারদিন ছুটি শেষে খুলছে অফিস-আদালত। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রূপে।

সোমবার (১৪ অক্টোবর) সরেজমিনে রাজধানীর কয়েকটি সড়কে আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন যাত্রীরা।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কয়েকদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সেসব সড়কে এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

এদিকে কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে এই সড়কেও যানবাহন চলাচল করতে পারছে না।