রাজধানীর তুরাগ থানা এলাকার মাদক কারবারের গডফাদার মো. জয়নাল (৬৬) ও তার দুই ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা উত্তর পাড়ায় নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. শামীম আহমেদ জানান, গ্রেফতার মাদক কারবারি দীর্ঘ দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, সে বিভিন্ন কৌশলে মাদকের কারবার পরিচালনা করে আসছিল। বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল। তল্লাসী করে তার জিম্মায় থাকা ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন