রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. বিল্লাল হোসেন (৪০) ও মো. রিপন (৩৪)।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর একই মামলায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর বাদী মোহাম্মদ আবু মুছার (৪৭) অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরবর্তীতে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে।
মামলায় এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি বিল্লাল হোসেন ও রিপনকে গ্রেফতার করা হয়। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার বিল্লাল ও রিপনসহ এজাহার নামীয় আসামিরা কারওয়ান বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সবসময় ভীত ও আতঙ্কিত থাকে। সাধারণ ব্যবসায়ীরা উল্লেখিত আসামিদের চাঁদা না দিলে তারা নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয়।
গ্রেফতারকৃদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদা নেয়ার ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গ্রেফতার বিল্লালের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মাদক মামলা ও রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।


মন্তব্য করুন