রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসায় বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে হুমাইশা নামের এক বছরের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর কাটাসুরের ৬ তলা বাড়ির ৩ তলার বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে শিশুটির নানী ইয়াসমিন বেগম জানান, মোহাম্মদপুর কাটাসুর নিজেদের বাড়িতে থাকেন তারা। বিকেলে বাসায় ছিল শিশুটির মা আসমা ইসলাম শিমু ও শিশুর ৯ বছর বয়সী ভাই। ঘটনার সময় শিশু হুমাইশার মা রান্না করছিলেন আর ভাই রুমে ছিল। কিছুক্ষণ পর হুমাইশাকে রুমের কোথাও দেখতে না পেয়ে বাথরুমে গিয়ে দেখতে পান পানি ভরা বালতিতে উপুর হয়ে পড়ে আছে। পরে দ্রুত সেখান থেকে তুলে স্থানীয় আল মানারাত হাসপাতালে নেয়া হয় শিশুটিকে। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা রতন মিয়া মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে মোটর পার্টসের একটি দোকান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর থেকে ওই শিশুটিকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাথরুমে পানি ভরতি বালতিতে পরেছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন