রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিকেল থেকে বঙ্গভবনের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এই পরিস্থিতিতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যারিকেড ভাঙতে গেলে আন্দোলনকারীদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকারের ওপর চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে সম্প্রতি রাষ্ট্রপতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ পাননি এবং পদত্যাগপত্র সংগ্রহে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।


মন্তব্য করুন