রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিক সহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- শ্যামপুর বহুমুখী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)।
আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র জনতা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করে। এসময় কে বা কারা সাউন্ড গ্রেনেড মারে। এতে তার কানে সমস্যা হয়।
আহত শফিকুল ইসলাম জানান, তিনি হকারি করেন। বিকাল থেকে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এতে তার পা-এ আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে পাচজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। এদের মধ্যে তিনজনের পা-এ আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুইজন কানে আঘাত পেয়েছেন। জরুরী বিভাগ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


মন্তব্য করুন