সকালে যেভাবে টপাটপ উইকেট পড়ছিল, তাতে মধ্যাহ্ন বিরতির আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন সবাই। তবে সপ্তম উইকেটে এসে প্রতিরোধ গড়লেন মেহেদি মিরাজ আর জাকের আলী। দুজনের দারুণ জুটিতে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে বাংলাদেশ এখন লিড নেওয়ার পথে।

মেঘলা আকাশের নিচে আজ বুধবার কাগিসো রাবাদার করা দিনের চতুর্থ ওভারেই উদ্ভট শট খেলতে প্রথম স্লিপে ধরা পড়েন ৯২ বলে ৫ চারে ৪০ রান করা মাহমুদুল। এক বল পরেই আউট মুশফিক। রাবাদার সেই ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে থামল তার ২৩ রানের ইনিংস। এরপর পালা লিটন দাসের (৭) । কেশব মহারাজের স্টাম্পে পিচ করা বল লিটনের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা।

১১২ রানে ৬ উইকেট পতনের পর মেহেদি মিরাজ আর জাকের আলী প্রতিরোধের চেষ্টা করেন। এই জুটিতেই ইনিংস হার এড়িয়ে লিড নেয় বাংলাদেশ। ৯৪ বলে ক্যারিয়ারের ৯ম ফিফটি পূরণ করেন মিরাজ। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৬৩ ওভারে তুলেছে ২০১ রান। প্রোটিয়াদের থেকে তারা মাত্র ১ রান পিছিয়ে। মিরাজ ৫৫ আর জাকের ৩০ রানে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৭২ বলে ৮৯ রান।

৩ উইকেটে ১০১ রান তুলে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। উইকেটে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান। কিউইদের আবারও ব্যাটিংয়ে নামাতে হলে কমপক্ষে ২০৩ রান করতে হবে।