হঠাৎ মুখভার আকাশের, ভরদুপুরেই তাই জ¦লে উঠল ফ্লাডলাইট। তাতে আলোকস্বল্পতা কাটল কিছুটা, তবে খেলা চলল না বেশিক্ষণ। অনুমিতভাবেই বৃষ্টি এলো। ঝেঁপে নয়, ঝিরঝির করে। দুদলের খেলোয়াড়রা দিলেন ছুট, চলে গেলেন ড্রেসিংরুমে।

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা পার হতে না হতেই এমন দৃশ্যপট অনেকের মনেই বিরক্তির উদ্রেক ঘটিয়ে থাকবে, তারা যে তৃতীয় দিনেই মিরপুর টেস্টের শেষ দেখতে চেয়েছিলেন। আগের দুদিন যে পারফরম্যান্স দেখিয়েছে টিম বাংলাদেশ, যেমন হয়েছিল বুধবার তৃতীয় দিনের শুরুটা, তাতে এমন চাওয়া মোটেও দোষের ছিল না। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর থেকেই টাইগাররা ছিল ব্যাকফুটে। এরপর ৩০৮ রান তুলে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নেয় ২০২ রানের লিড। এমনিতে খুব বড় লিড নয়, তবে মিরপুরের উইকেট, কন্ডিশন আর ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ওটা পাহাড়সমই দেখাচ্ছিল। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ২ উইকেট পতনের পর তো দেখা দেয় শঙ্কা-দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠানো যাবে তো!

বুধবারের সকাল তো শঙ্কার মেঘ ঘনীভূত করে আরও। কাগিসো রাবাদার একই ওভারে তিন বলের ব্যবধানে বিদায় নেন দিন শুরু করা দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় (৪০) আর মুশফিকুর রহিম (৩৩)। তিন ওভার পর কেশভ মহারাজের ভেলকিতে সাজঘরে ফেরেন লিটন দাস (৭)। প্রথম ঘণ্টায় টাইগারদের এমন ব্যাটিং প্রদর্শনী দেখে বদ্ধমূল হচ্ছিল এমন ধারণাÑনাজমুল হোসেন শান্তর দল যদি ফলোঅন এড়াতে সক্ষম হয়ও তা হলেও দ্বিতীয় সেশনেই ম্যাচের ইতি ঘটে যাবে। অভিষিক্ত জাকের আলীকে নিয়ে ওই ধারণা ভুল প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ। এ ক্ষেত্রে অবশ্য বৃষ্টি আর আলোকস্বল্পতারও বড় ভূমিকা আছে।

বৃষ্টির বাগড়ায় এক ঘণ্টা ১৮ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর ফ্লাডলাইট জ¦ালিয়ে ফের শুরু হয় ব্যাট-বলের লড়াই। তবুও পর্যাপ্ত আলো মিলছিল না। যে কারণে কেবল স্পিনারদের দিয়েই দক্ষিণ আফ্রিকাকে আক্রমণ শানানোর অনুমতি দেন আম্পায়াররা। তাই ৮০ ওভার খেলা হয়ে যাওয়ার পরও দ্বিতীয় নতুন বল নেননি অতিথি অধিনায়ক এইডেন মার্করাম। এরপরও ৫ ওভারের বেশি খেলা চালানো সম্ভব হয়নি। ওইটুকুতে দলের ঝুলিতে কেবল ১৬ রান যোগ হলেও কোনো বিপদ ঘটতে দেননি মিরাজ। নাঈম হাসানকে সঙ্গী করে ম্যাচটাকে টেনে নিয়ে গেছেন চতুর্থ দিনে।

যেভাবে শুরু হয়েছিল এই টেস্ট এবং টেস্টটির তৃতীয় দিন, তাতে চতুর্থ দিনে খেলা গড়ানো টাইগারদের জন্য পরম স্বস্তিরই। ইনিংস ব্যবধানে হার যেখানে চোখ রাঙাচ্ছিল, সেখানে ৭ উইকেটে ২৮৩ রান তুলে প্রথম ইনিংসের ঘাটতি মিটিয়ে ৮১ রানের লিড পাওয়া দারুণ কিছুই। এর সিংহভাগ কৃতিত্বই মিরাজের। ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জাকেরকে নিয়ে গড়েন প্রতিরোধ। অনিন্দ্যসুন্দর ব্যাটিং প্রদর্শনীতে দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। গড়ে উঠে অনবদ্য এক জুটি। ক্ষণিকের জন্য জাকেরের মনোযোগে চির ধরেছিল, তাই সাতটি চারের মারে ১১১ বলে তার ৫৮ রানের ইনিংসটির যবনিকাপাত ঘটে। মহারাজের বলে তিনি এলবিডব্লিউ হতেই শেষ হয় ১৩৮ রানের অসাধারণ এক জুটির গল্প।

গল্পের নায়ক মিরাজ অবশ্য অপরাজিত থেকেই দিন শেষ করেছেন। ৯টি চার আর একটি ছক্কায় ৮৭ রান তুলে ফেলা এই ডানহাতি আজ ব্যাটিং শুরু করবেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার আশায়। সেই আশা যদি পূর্ণ হয় এবং নাঈম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদরা যথাযথ সাহচর্য দিতে পারেন তা হলে এই টেস্টে অভাবনীয় কিছু ঘটেও যেতে পারে। তেমন কিছু ভেবেই তো দিন শেষে সংবাদ সম্মেলনে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলে গেছেন, ‘আপনাকে তো বিশ^াস রাখতে হবে…সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।’

আজও ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি, এরই ফাঁকে দক্ষিণ আফ্রিকাকে যদি ১৫০ ছাড়ানো লক্ষ্য দিতে পারে টিম বাংলাদেশ তা হলে দারুণ সুযোগই থাকবে।