জয়-পরাজয় খেলারই অংশ। তবে মিরপুর টেস্টে প্রতিদিনই খারাপ খেলেছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটাররা। ঘরের মাঠে এমনটা হবে সেটা হয়তো কেউই আশা করেনি। এমনকি গত চার দিনে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আসেননি কোনো ব্যাটার। প্রতিদিনই প্রেস সামলিয়েছেন বোলার কিংবা কোচ।
সাড়ে তিন দিনে টেস্ট হারের পর শান্ত নিজেকে আরও আড়াল করে ফেলেন। সংবাদ সম্মেলনে অধিনায়ককে আসতেই হবে এমন কোনো নিয়ম নেই। তবে দলের খারাপ সময়ে অতীতে অধিনায়করাই এসেছেন ঢাল হয়ে।
মিরপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শান্তকে বেশ বিরক্ত হতে দেখা গেছে সাংবাদিকদের প্রশ্নে। তার শট সিলেকশন নিয়ে করা এক প্রশ্নে সাংবাদিকদের পাল্টা আক্রমণ করে বলেছিলেন, ‘আপনাদের চেয়ে বেশি জানি কোন শট খেলতে হবে।’
তবে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে উইয়ান মুল্ডারের বলে বাজে শটে আউট হয়েছেন ৭ বলে ৭ রান করে। দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। এবারের আউট আরও দৃষ্টিকটু। কেশব মহারাজের বল ডিফেন্ড করতে গিয়ে সরাসরি পা দিয়ে আটকে দেন!
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শান্ত বলেছেন, ‘দল হিসেবে হেরেছি আমরা। আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলার নেই। আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি, সেটা সবাই জানি।’
বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্স করেছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ম্যাচে তাইজুলের ৮ উইকেটের বিপরীতে মিরাজ ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। দুজনের প্রশংসা করে শান্ত বলেন, ‘আমাদের জন্য বড় পাওয়া ছিল। ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে ব্যাটিং করেছিল তাতে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম। অতীতে এমন পরিস্থিতিতে আমরা পড়িনি। ব্যাটার হিসেবে নতুন বলের ব্যাটিংয়ের দায় নিতেই হবে।’


মন্তব্য করুন