বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, আমাদের সমাজে ইংরেজির প্রচলন এতটাই বেড়েছে যে এই নিয়ে কারও মাথা ব্যথা নেই। আমি প্রশ্ন তুলতে চাই , আমরা একতরফা ভাবে সমস্ত স্কুল-কলেজকে ইংরেজি মিডিয়ামে রুপান্তরিত করছি। আবার একইসঙ্গে বলছি ভাষা আন্দোলন। অর্থাৎ আমরা একমুখে দুই কথা বলছি। তাতে আমাদের কোন অসুবিধা হচ্ছে না। আমরা সংবিধান সংশোধন নিয়ে তর্ক ও আলোচনা করছি যদিও বর্তমান সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে কিন্তু যখন সজ্ঞান ছিল তখনও আমি বলেছি সব কিছুতেই ইংরেজি নাম ব্যবহার করা হচ্ছে। যা জাতীয় ও রাষ্ট্রীয় সমাজের সাথে যায় না।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেন সাওল র্হাট সেন্টারের কাজল মিলনায়তনে লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরীর ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন উলানিয়ান’ গ্রন্থের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক সচিব এম মোকাম্মেল হক, কথা সাহিত্যিক আন্দালিব রাশদী, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. খন্দোকার মোকাদ্দেম হোসেন, লিডারশীপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভূরাজনৈতিক বিশ্লেষক ড. সিনহা এম এ সাঈদ, প্রকাশক এপিপিএল আহমদ সারওয়ারুদ্দৌলা এবং দিক চিহ্নের সম্পাদক মোহন রায়হান প্রমুখ।

ড. সলিমুল্লাহ খান বলেন, আমরা রাষ্ট্রভাষা বাংলা বললেও আমাদের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান, বাড়ি-ঘর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সব একতরফাভাবে ইংরেজি মাধ্যম হয়ে গেছে। যেন কোন কিছুর মধ্যে ইংরেজি নাম না মজা লাগে না। এজন্যই সব কিছুতেই ইংরেজি শব্দ জুড়ে দেওয়া হচ্ছে। আমার দু:খ অন্য এক জায়গায়। যা চিকন চিকন ব্যথা হয়।

তিনি বলেন, আমরা অনেক সময় টেলিভিশন চ্যানেলগুলোতে যাচ্ছি তাদেরও নামের পাশে ইংরেজি শব্দ জুড়ে দেওয়া হচ্ছে। যেমন চ্যানেল টুয়েন্টি ফোর, কিন্তু এর কোন বাংলা করা যায় না। একমাত্র ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণ বিশ্ববিদ্যালয়ের ছাড়া সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজি। তাতে কোন অসুবিধা নাই। সমাজের মনে হয় কোন ব্যাপার নয়। আমি অসুবিধা করতেছি কেউ এই নিয়ে প্রশ্ন তুলে না। অনেকেই বলে শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন নাই, মাদ্রাসা শিক্ষা একমুখি না দ্বিমুখি হবে এবং থাকবে কি থাকবে না। এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং ব্যাপক হারে ইংরেজি মাধ্যম করা হচ্ছে। তাহলে ইংরেজি রাষ্ট্রভাষা করেন না কেন?

তিনি আরও বলেন, এখন আমাদের সমাজে এত সব অনেক কথা আছে এবং বাঙালী মুসলমানদের মধ্যে একটি বদনাম রয়েছে যে তারা আত্মজীবনীমূলক গ্রন্থ লেখে না। কারণ আত্মজীবনী লেখা মানেই মিথ্যা কথা লেখা। কিন্তু আমরা না লিখেও পারি না। আমরা যা কিছু লিখি তাই আত্মজীবনী হয়। যে বইটি আজ উম্মোচন করা হলো- এই বইয়ের মধ্যে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। যা কিভাবে কাজে লাগানো যায় তাই ভাবছি।

সভায় আলোচকরা বলেন, বইটিতে পারিবারিক শৃঙ্খলা, ব্যক্তিগত আদর্শবাদিতার সুফল-কুফল, রূঢ় বাস্তবতায় সমাজ জীবনের নৈতিক অবস্থান, বিভিন্ন সমাজের স্তরবিন্যাসের আখ্যান, পরিমিত হাস্যরসপূর্ণ, সংস্কৃতি, ঐতিহ্য, আড্ডা, জীবনের নানা সময়ের স্মৃতি এবং সমকালীন সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। আর আত্মস্মৃতি লেখা খুব সহজ কাজ নয়। কখনো কখনো তিলকে তাল করে দেখার প্রবনতা থাকে। তাই মনের অজান্তে বইয়ের মধ্যে কিছু স্মৃতির প্রতি ভিন্ন রকম দুর্বলতা বা কোথাও তার বর্ণনায় অতিরঞ্জনের একটা ত্রুটি থেকে যায়। সেই অতিরঞ্জনকে পরিহার করতে চাই। কোনো রকম ব্যক্তিগত কুয়াশা যেন বাস্তবতার বাইরের না হয়।

তারা বলেন, কোনো রকম অতি আবেগ বা অতিরঞ্জনের দুর্বলতা না থাকাই ভালো। এই ধরনের লেখালেখিতে একটা সময়ের চিত্র এবং তার মূল্যবোধই প্রাধান্য পায়। পরবর্তী প্রজন্ম সেখান থেকে জানতে পারে অনেক কিছু। তাই সেটা যতটা বস্তুনিষ্ঠ হয় ততই তার একটা ঐতিহাসিক মূল্যায়ন হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই আমরা অতীতকে জানতে চাই না। আমরা মনে করি, অতীতকে তো ফিরিয়ে আনতে পারব না। বিশেষ করে, আজকের প্রজন্ম এমনটাই ভাবে। অতীতকে বাদ দিয়ে তো বর্তমান নয়। সব মানুষই তো একেকটা ‘অসমাপ্ত উপন্যাস’; আর তার মতোই তাদের জীবন এবং সেই জীবনের গল্প।

তারা বলেন, মাহমুদ রেজা কেবল লেখক নন, জাতীয়ভাবে স্বীকৃত একজন ডিবেটর, সংগঠক, একজন জনপ্রিয় উপস্থাপক, আলোচক এবং বিশ্লেষক।তিনি অত্যন্ত বিনয়ী, বন্ধুবৎসল এবং পরিশ্রমী একজন মানুষ। তিনি বাংলাদেশের বরিশাল বিভাগের বিখ্যাত উলানিয়া পরিবারের সদস্য এবং বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কলামিস্ট, লেখক- আমাদের সকলের সুপরিচিত আবদুল গাফফার চৌধুরীর একমাত্র ভ্রাতুষ্পুত্র। তাই তার বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি।