ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে তারা। বাবর আজম, শাহীন আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েও বাজিমাত করেছে শান মাসুদের দল।

এরমধ্য দিয়ে অপেক্ষার অবসানও হলো পাকিস্তানের। ২০২১ সালের পর ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে প্রথমবার সাফল্য এলো। সে বছর ফেব্রুয়ারিতে সবশেষ ঘরে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঐতিহাসিক এই সিরিজ জয়ের অন্যতম কারিগর দুই স্পিনার-সাজিদ খান ও নোমান আলী। দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯টিই নিয়েছেন এই দুই স্পিনার।

মুলতানে প্রথম টেস্ট হারের পর স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংলিশদের থামানোর পরিকল্পনা করে পাকিস্তান। সেই চেষ্টায় সফল তারা। রাওয়ালপিন্ডির তৃতীয় টেস্ট ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১২ রানে অলআউট হলে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৬ রানের। ১ উইকেট হারিয়ে মাত্র ১৯ বলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর ঘুরে দাঁডিয়ে ৩ বছর ৮ মাস পর দেশের মাটিতে টেস্ট সিরিজ জয়।

তৃতীয় দিন রাওয়ালপিন্ডিতে প্রথম সেশনেই শেষ হয়ে গেছে ম্যাচ। স্পিন বিষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১২ রানে গুটিয়ে গেলে মাত্র ৩৬ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে। সাইম আইয়ুবের উইকেট হারালেও আবদুল্লাহ শফিক ও শান মাসুদ তুলে নেন বাকি রান।