ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে পুলিশের শটগানের গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত চম্পার পেটে, বুকে হাতে গুলিবিদ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে।
এরআগে বুধবার (২৩অক্টোবর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নীট ফ্যাশন কোম্পানি নামে ওই পোশাক কারখানায় সামনের রাস্তায় এই ঘটনা ঘটে ৷
আহতরা জানিয়ে ছিলেন, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপরেই বিপাকে পড়ে কয়েক হাজার শ্রমিক। এজন্য গত ৩ দিন যাবত ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানা কর্মচারীরা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল, গত ৩ মাসের বেতন ভাতা পরিশোধের। তবে কেউ তাতে সাড়া দিচ্ছিলেন না।
তারা আরো জানান, বুধবার সকালে যথারীতি আন্দোলনে নামেন তার। এসময় পুলিশ আন্দোলনকারীদের উপর শটগান দিয়ে গুলি চালায়। এতে আহত হন ৩ জন।
নিহত চস্পার ভাই মোঃ স্বপন জানান, তাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। স্বামী মোঃ মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন।


মন্তব্য করুন