চট্টগ্রাম টেস্টে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। তবে তার আগেই মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মমিনুল হক (৬) ও নাজমুল হোসেন শান্ত (৪)। এর আগে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৫৩৭ রানে।
বুধবার (৩০ অক্টোবর) ইনিংসে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ডাউন লেগের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ৬ বলে ০ রানে বিদায় নেন সাদমান।
সর্বশেষ ৩ ইনিংসে দুইবারই ডাক মারলেন সাদমান। এর আগে দক্ষিণ আফ্রিকার মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ বলে খেলে ০ রানে আউট হয়েছিলেন তিনি। ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ বলে মাত্র ১ রান করেন সাদমান।
টিকতে পারেননি জাকির হাসানও। তিনিও হন রাবাদার শিকার। ৮ বলে মাত্র ২ রান করে বিহাইন্ড দ্য উইকেটে ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার।
ইনিংসের ষষ্ঠ ওভারে ডেন পিটারসনের চতুর্থ বলে কভার ড্রাইভে চার হাঁকান ওপেনার মাহমুদুল হাসান জয়। পরের বলেই দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ধরা পড়েন এই ডানহাতি। স্নায়ু চাপের কঠিন সময়টুকু পার করে দিতে হাসান মাহমুদকে পাঠিয়েছিল বাংলাদেশ। নিজের প্রথম ওভারে নাইটওয়াচম্যানকে দ্রুত ফেরত পাঠালেন কেশাভ মহারাজ। বাঁহাতি স্পিনারের বলের লাইনে যেতে পারেননি হাসান। সেটারই খেসারত দিতে হয় বোল্ড হয়ে। ৭ বলে ৩ রান করেন হাসান। ৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩২।
এর আগে ৩ সেঞ্চুরি আর ২ ফিফিটিতে ৫৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইয়ান মুলদার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর তাদেরকে ডেকে নেন অধিনায়ক এইডেন মার্করাম। মুলদারের সঙ্গে ৭০ রানে অপরাজিত ছিলেন সেনুসান মুথুসামি।
১৪৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজু্ল ইসলামকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুলদার।
মুলদার ছাড়াও এই ইনিংসে সেঞ্চুরি করেছেন আরও দুই দক্ষিণ আফ্রিকার ব্যাটার। তারা হলেন টনি ডি জর্জি (১৭৭) ও ত্রিস্টান স্টাবস (১০৬। মুথুসামির সঙ্গে ফিফটি করা অন্য ব্যাটার হলেন ডেভিড বেডিংহাম (৫৯)।
মূলত, প্রথম দিনই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। নিরেট ব্যাটিং উইকেটে পুরো দিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পারে বাংলাদেশ দলের বোলাররা।
প্রথম দিনই সেঞ্চুরি করেন পূর্ণ স্টাবস ও ডি জর্জি। স্টাবস আউট হলেও উইকেটে থেকে যান ডি জর্জি। শেষমেশ ১৭৭ রানের বিশাল ইনিংস খেলার আগে তাকে আউট করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার।
আজ দ্বিতীয় দিনে জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক – তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, ডি জর্জি এবং কাইল ভেরেইনেকে।
৩৮৬ থেকে ৩৯১- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর মুলদারের সঙ্গে রায়ান রিকেলটনের ৩২ রানের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। রিকেলটনকে (৪১ বলে ১২) রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতের ক্যাচ বানান ডানহাতি টাইগার পেসার।
ষষ্ঠ উইকেটে ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মুলদার ও মুথুসামি।
তাইজুল ইসলাম একাই নেন বাকি ৫ উইকেট। এ নিয়ে ১৪তম বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার।


মন্তব্য করুন