বেঙ্গালুরু আর পুনেতে প্রথম দুই ম্যাচ হেরে আগেই টেস্ট সিরিজ হাতছাড়া করে ভারত। ঘরের মাঠে সিরিজ হারতে ভুলে যাওয়া ভারত শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছে নিউজিল্যান্ডের কাছে। মুম্বাই টেস্টে জয়ের সুযোগ ছিল তাদের। নিজেদের মাঠে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এমন বাজে দিন কবে কাটিয়েছেন রোহিত-কোহলিরা সেটি খুঁজতে হলে যেতে হবে অনেক পেছনে।
সিরিজের শেষ ম্যাচে স্পিন সহায়ক উইকেটে ১৪৭ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। এই রান তাড়া করতে নামলে ২৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। এরপর ঋষভ পন্তের পাল্টা আক্রমণে জয়ের আশা জাগালেও তার ফেরার পর ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি, তাতে আরেকটা বিব্রতকর পরাজয়ের স্বাদ পায় রোহিতের দল।
এই প্রথম ঘরের মাঠে তারা দুইশর কম রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। এর আগে প্রথম টেস্টে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। আর দ্বিতীয় ম্যাচে এক ইনিংসেও আড়াইশ ছুঁতে পারেনি তারা। সিরিজজুড়ে এমন বিবর্ণ পারফরম্যান্সের পর তাই কোনো অজুহাত দিলেন না রোহিত।
সিরিজ হারের পেছনে অনেক ভুল ছিল স্বীকার করে রোহিত বলেন, ‘সিরিজ হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনো সহজ নয়। এটি এমন কিছু যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। সিরিজজুড়ে আমাদের চেয়ে ভালো খেলেছে নিউজিল্যান্ড। আমরা পুরো সিরিজে অনেক ভুল করেছি। আমাদের এটা মানতে হবে।’
প্রথম দুই টেস্টের মতো শেষ টেস্টেও ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শেষ ম্যাচেও লক্ষ্য তাড়া করতে নামলে ব্যর্থ হয় লম্বা ব্যাটিং লাইনআপ। এ নিয়ে রোহিত বলেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করতে পারিনি এবং ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। এই ম্যাচে ৩০ (আসলে ২৮) রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল কিছুটা এগিয়ে আছি। লক্ষ্যটা তাড়া করার মতো ছিল। প্রয়োগটা ঠিকঠাক করতে হতো, যেখানে আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি।’
১৯৩৩ সাল থেকে দেশের মাঠে টেস্ট খেললেও রোহিতের মতো মাথা নত করে মাঠ ছাড়তে দেখা যায়নি কাউকে। অন্তত কারও নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়নি ভারত। এমন ব্যর্থতার পেছনে রোহিত তিনটি কারণ তুলে ধরে বলেন, ‘আমি নিজের সেরাটায় নেই, দল হিসেবে আমরা ব্যর্থ।’
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। এমন সময়ে তার এই ব্যর্থতা নিয়ে উঠেছে নানান সমালোচনা। এমনকি টেস্ট ক্রিকেটে রোহিতের অধিনায়কত্বের ধরন নিয়েও উঠেছে প্রশ্ন। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, টেস্টে নাকি টি-টোয়েন্টির কৌশল প্রয়োগ করেছেন রোহিত! তার ১১ রানের ইনিংসেই চার দুটি। আউট হয়েছেন পছন্দের পুল শট ভালোভাবে খেলতে না পারার খেসারত দিয়ে। নিজের নেতৃত্ব ও ব্যাটিংয়ের দায় নিয়েই রোহিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বেও সেরাটা দিতে পারিনি। ব্যাটিংয়েও একই ঘটনা ঘটেছে।’


মন্তব্য করুন