কেবল মিনিট দুয়েকের অপেক্ষা। শেষ বাঁশি বেজে উঠবে, এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সে প্লে-অফ সেমিফাইনাল একপ্রকার নিশ্চিতের আনন্দে মেতে উঠবে ইন্টার মিয়ামি। তা আর হয়নি। শুরুতে এগিয়ে গিয়েও স্বাগতিক আটলান্টার কাছে হেরেছে লিওনেল মেসির দল। তাদের ২-১ গোলে হারিয়ে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে আটলান্টা, এতে প্লে-অফ নিশ্চিতের বিষয়টি গড়িয়েছে তৃতীয় ম্যাচে। ১০ নভেম্বরের ওই ম্যাচে যারা জিতবে, তারাই পাবে শেষ চারের টিকেট। ‘বেস্ট অব থ্রি’ লড়াইয়ের প্রথমটি মেসিরা জিতেছিলেন ২-১ গোল ব্যবধানে।

বাংলাদেশ সময় রোববার সকালে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালোই ছিল মেসিদের। ডেভিড মার্তিনেজের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দটা ধরে রাখতে পারেনি ইন্টার মিয়ামি। ৫৮ মিনিটে ডেরিক উইলিয়ামসের গোলে সমতা টানে আটলান্টা। ১-১ সমতা নিয়েই ম্যাচটা এগিয়ে যাচ্ছিল শেষের পথে। উজ্জ্বল হচ্ছিল মেসিদের স্বপ্ন। তাদের সেই স্বপ্ন ভেঙে দেন ৮৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা শান্ডে সিলভা। ইনজুরি সময়ে আটলান্টার পর্তুগিজ ফরোয়ার্ড করে বসেন গোল, নাটকীয়ভাবে ম্যাচটা হেরে যায় মিয়ামি।

মেসি ফেরার পর এভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে জেরার্ডো মার্টিনোর দল। ওইসব ম্যাচে আর্জেন্টাইন খুদেরাজ ছিলেন নায়ক। এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন তিনি। প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। অথচ গোল না পেলেও এদিন দারুণ খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। মিয়ামির আক্রমণগুলোর সুর বেঁধে দিয়েছেন বারবার। কিন্তু সতীর্থরা তা ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। মেসি নিজেও বক্সে ঢুকেছেন কয়েকবার, তিনিও পারেননি জালে বল পাঠাতে।

দর্শকপূর্ণ মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত মিয়ামি। কিন্তু আটলান্টা গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি তাদের। তবে ৪০ মিনিটের মাথায় ওই গোলরক্ষকেরই হাস্যকর ভুলে এগিয়ে যায় মিয়ামি। গোলকিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। তার পাস থেকে বল পেয়ে গোল করেন সেন্টারব্যাক মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর বেশ কিছু সুযোগ পায় মিয়ামি। কিন্তু তারা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে আটলান্টাকে সমতায় ফেরান উইলিয়ামস। এরপর দুদলই দিয়েছে সুযোগ নষ্টের মহড়া। তবে ইনজুরি সময়ে বাজিমাত করে আটলান্টা। অসাধারণ এক গোলে দলটিকে রোমাঞ্চকর এক জয় উপহার দেন সিলভা।