কারওয়ান বাজারে রাস্তা ও ফুটপাত থেকে সোমবার রাতে হকারদের উচ্ছেদ করার পর মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কয়েকজন হকার সবজি ও পণ্য নিয়ে আবার ফুটপাতে বসেছিলেন। সকালে যৌথ বাহিনী কারওয়ান বাজারে টহল দেওয়ার সময় তাদের অনেকেই মালপত্র নিয়ে সরে যান। পরে আবার কয়েকজন এসে বসে পড়েন।
এর আগে, সোমবার রাত আটটার দিকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব কারওয়ান বাজারের রাস্তার দুই ধারে ও ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করে। রাত ১১টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে শত শত হকারকে উচ্ছেদ করা হয়।
এরপরও মঙ্গলবার সকাল নয়টার দিকে হকাররা ফুটপাতে সবজি ও পণ্য সাজিয়ে বসেন। সকাল ১০টার পর যৌথ বাহিনী দখলমুক্ত রাস্তা ও ফুটপাত দেখতে কারওয়ান বাজারে পরিদর্শনে আসে। এ সময় তাদের দেখে অনেক হকারই সরে পড়েন। কয়েকজন আবার ফুটপাতে বসে যান। তাদের সরে যেতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়।


মন্তব্য করুন