ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নাতে খৎনা করানো শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ হাসপাতালটির বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছে তার পরিবার। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক সাব্বির, মেহজাবীন ও হাসপাতালটির পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী। তিনি বলেন, শিশু আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। দুইজন চিকিৎকের নাম উল্লেখ করে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ সবুজ।
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের ডাক্তারি সনদ বাতিল এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।
সঠিক তদন্তের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের
শিশু আয়ানের পুরো শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ ও শিশুর মৃত্যু ঘটনা সঠিক তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সংস্থাটি জানান, শিশু আয়ানের মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসার কারণে কারও মৃত্যু বা অন্য কোনো ধরনের ক্ষতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই তদন্তপূর্বক সত্যতা যাচাই করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তি এবং একই সঙ্গে ক্ষতিপূরণ আদায় করা আবশ্যক। অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক অনতিবিলম্বে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে (স্বাস্থ্য সেবা বিভাগ) নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
চিকিৎসকদের গাফিলতি আছে এমন অভিযোগ উল্লেখ্য করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। এতে দেখা গেছে, মুগদা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্ব ৪ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ৩ সদস্যের মধ্যে একজন মুগদা হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞ, আরেকজন মুগদা হাসপাতালেরই এক সহকারী পরিচালক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী পরিচালকও রয়েছেন এই কমিটিতে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আয়ানকে সুন্নতে খৎনা করাতে নিয়ে যায় তার পরিবার। ওইদিনই আয়ানকে অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়। পরে জ্ঞান না ফিরলে লাইফ সাপোর্টে রাখা হয়। টানা ৭দিন লাইফ সাপোর্টে থাকার পর গত রোববার রাত সাড়ে ১১ টায় আয়ানকে মৃত ঘোষণা করে গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।



মন্তব্য করুন