শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। সেই চোট তাকে ছিটকে দিয়েছে তিন ম্যাচের সিরিজ থেকে। তবে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ। আফগান সিরিজে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে পারছেন না বলে ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের একজন সদস্য। ওই নির্বাচক বলেছেন, ‘মুশফিক উইন্ডিজে টেস্ট সিরিজে খেলছে না। যেহেতু এই রকম ইনজুরি থেকে সেরে উঠতে এক মাসের মতো সময় লাগে। একই সিরিজের ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা আছে। যেহেতু ওয়ানডের আগে ভালো সময় মুশফিক পাচ্ছে সুস্থ হয়ে ওঠার।’
বাম হাতের আঙুলে চোট পাওয়ার পর এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের হাড়ে চিড় ধরেছে। তার বদলে আফগান সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য কাউকে ডাকা হয়নি দলে। শেষ দুটি ম্যাচে উইকেটের পেছনে দেখা যেতে পারে জাকির হাসান কিংবা জাকের আলি অনিককে। তবে দু-একদিনের মধ্যেই দুবাইতে যাচ্ছেন লিটন দাস। যদিও এই সিরিজে খেলবেন না তিনি। সেখান থেকে দলের সঙ্গে উইন্ডিজ সফরের জন্য যোগ দেবেন তিনি।


মন্তব্য করুন