রিদপুরের সালথায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকালে উপজেলার যদুনন্দী বাজার থেকে ওই দুই জনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার গোপীনাথপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে ইমামুল খন্দকার (৩১) ও একই এলাকার আব্দুর রব মোল্যার ছেলে লিপন মোল্যা (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, যদুনন্দী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থক খন্দকার সাজ্জাদ ও ঈগল প্রতীকের সমর্থক কাইয়ুম মোল্যার সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজনা থামাতে গেলে স্থানীয় যুবলীগ নেতা ও নৌকার সমর্থক খন্দকার সাজ্জাদের নেতৃত্ব সড়কে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে বলে প্রতিপক্ষের দাবি। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।

সড়কে ব্যারিকেড দেয়ার অভিযোগের ব্যাপারে জানতে খন্দকার সাজ্জাদের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে ও স্থানীয় জনসাধারণের চলাচলে বাধা দেয়ার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, নির্বাচন পরবর্তী যেকোনো সহিংসতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে, সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা ও সড়কে জনসাধারণকে চলাচল বিঘ্ন ঘটানোর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।