ব্যালন ডি’অরের পুরস্কার-২০২৪ জিতবেন ভিনিসিয়ুস জুনিয়র এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু শেষ সময়ে পাল্টে যায় দৃশ্যপট। ভিনি নন, পুরস্কারটা উঠে স্পেনের রদ্রির হাতে। এরপরই ব্রাজিলিয়ান তারকার হারের ব্যবধান জানার আগ্রহ সবার মনে। সেই প্রশ্নের উত্তর মিলেছে। আয়োজক ফ্রান্স ফুটবলের ভাষ্য অনুযায়ী রদ্রির কাছে মাত্র ৪১ পয়েন্টে হেরেছেন ভিনিসিয়ুস।
ফল ঘোষণার আগে রদ্রির জেতার ব্যাপারটা বাতাসে ভেসে বেড়ালে প্যারিসের ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সমর্থকদের চোখে জনপ্রিয় হওয়া সত্ত্বেও পুরস্কার না পাওয়ার আশঙ্কায় লস বাঙ্কোসদের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে শামিল হননি। অবশ্য লা লিগা চ্যাম্পিয়নদের দাবির পেছনে যুক্তিও ছিল। গত মৌসুমে দলের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনি। জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। যদিও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রদ্রিও ছিলেন দাপুটে। প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন। দলের শিরোপা জয়ে অবদানস্বরূপ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সে কারণেই ব্যালন ডি’অরের পুরস্কারটা রদ্রির হাতেই উঠেছে।
ভিনির পুরস্কার না জেতার পর সমর্থকদের মধ্যে হারের ব্যবধান জানার আগ্রহ ছিল তুঙ্গে। সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো না। শনিবার ভোটের ব্যবধান প্রিন্ট সংস্করণে ছাপিয়েছে ফ্রান্স থেকে প্রকাশিত বিশ্ব ফুটবলের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে ৪১ পয়েন্ট বেশি পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের মোট পয়েন্ট ১১৭০। আর ভিনির পয়েন্ট ১১২৯।
এবারের ব্যালন ডি’অর বিজয়ী বের করে আনতে ভোট দিয়েছেন ৯৯ জন বিচারক। প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ ফুটবলারকে নির্বাচিত করেন তারা। এরপর তাদের ক্রমানুযায়ী সাজান। অর্থাৎ প্রত্যেক বিচারক ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ জনকে বেছে নেন। যে ফুটবলারকে তালিকার এক নম্বরে রাখা হয়, তিনি পান ১৫ পয়েন্ট। পরের ৯ ফুটবলার যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২, ১ করে পয়েন্ট পান।
অবাক করা বিষয় হলো, রদ্রিকে ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলার মনে করেননি ৫ বিচারক। অর্থাৎ তারা রদ্রিকে সেরা ফুটবলারের ভোট দেননি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ভিনিকে সেরা মনে করেননি ৩ বিচারক।
অবাক করা ব্যাপার হচ্ছে, আটালান্টার নাইজেরিয়ান ফুটবলার আদেমোলা লোকম্যান, পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আরলিং হালান্ড ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজও সেরা ফুটবলারের ভোট পেয়েছেন। একই সঙ্গে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহাম, স্পেনের ডিফেন্ডার দানি কার্ভাহাল, জার্মান ফরোয়ার্ড টনি ক্রুস কয়েকজন বিচারক কর্তৃক সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।


মন্তব্য করুন