দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যাত্রা শুরু হয় ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের। ঘরের মাঠে প্রথম অ্যাসাইনমেন্টে ২-০ ব্যবধানে হার দেখেন তিনি। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।
বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে হারটাই দেখলেন এতদিন। আফগান সিরিজ শেষে এবার নিজ দেশের বিপক্ষে পূর্ণাঙ্গ লড়াইয়ে নামতে হবে টাইগারদের নিয়ে। তবে ক্যারিবীয় দ্বীপে উড়াল দেওয়ার আগে বলে গেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট, ৩০ নভেম্বর জ্যামাইকায় হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা তিন দিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টি-টোয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।
সোমবার আফগান সিরিজ শেষে ক্যারিবীয় সফর নিয়ে সিমন্স বলেন চ্যালেঞ্জিং হবে টেস্ট সিরিজ। অ্যান্টিগা, জ্যামাইকা এবং সেন্ট কিটসের উইকেট নিয়ে আগেভাগেই সতর্কবার্তা দিলেন বাংলাদেশের প্রধান কোচ। বললেন শারজার উইকেট যেমন, তেমনটা দেখা যেতে পারে সেন্ট কিটসে, ‘আমি আশা করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মতো ক্রিকেট খেলাটা কঠিন হবে। আমার মনে হয় সেন্ট কিটসে আমরা এ রকম কন্ডিশনেই ওয়ানডে খেলব। আমি জানি না সেন্ট ভিনসেন্টের উইকেট এখন কেমন। অনেক দিন ধরেই আমি সেখানে নেই। তবে অ্যান্টিগা ও জ্যামাইকায় টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে, কঠিন ক্রিকেট হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি দিয়ে বাংলাদেশ শেষ করবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজে চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাদের বদলে যারা দলে আসছেন, তাদের জন্য একটা সুযোগ দেখেন সিমন্স, ‘আমার মনে হয় বেশিরভাগ ছেলেরা মুখিয়ে আছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু ইনজুরির সমস্যা আছে। অন্য যারা সুযোগ পেয়েছে তারা কী করতে পারে সেটি দেখানোর বিষয়।’


মন্তব্য করুন