বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার এখন সুসময়। দারুণ ফুটবলশৈলী দেখিয়ে নিজেদের ঝুলিতে তারা দখল করেছে একাধিক শিরোপা। কিন্তু সুসময়ের রেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। জুয়ার খপ্পরে পড়ার শঙ্কায় নেতিবাচক খবরের শিরোনাম হলো দেশটির ফুটবল।

ঘরোয়া ফুটবলে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্লাব দেপোর্তিভো রেইসত্রা গেল সোমবার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে ম্যাচে একজন ইউটিউবারকে মাঠে নামিয়ে দেয়। সেটা নিয়েই টানাপড়েনের শুরু। যা এখন রূপ নিয়েছে বেটিংয়ের সন্দেহে।

মাঠে ১ মিনিটও খেলেননি আলোচিত সেই ইউটিউবার ইভান বুহাজেরুক। কিন্তু একজন ইউটিউবারের শীর্ষ লিগের ম্যাচে অংশ হওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন সমর্থকরা। পরে ব্যাপারটি আর আলোচনার মাঝে সীমাবদ্ধ থাকেনি। ঘটনার পেছনে বিপণন কৌশল নাকি অনৈতিক কোনো উদ্দেশ্য ছিল সেটি খতিয়ে দেখছে দ্য আর্জেন্টাইন জাস্টিস ডিপার্টমেন্ট।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের নৈতিকতা ট্রাইব্যুনালের মাধ্যমে তারা এ নিয়ে তদন্ত শুরু করেছেন। এই ইউটিউবার ও ইনফ্লয়েন্সারকে মাঠে নামানোর মাধ্যমে ‘আর্জেন্টিনা ফুটবলের নৈতিকতা ও সুনামহানির চেষ্টা করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।’