কয়েক মাস আগে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মৃত্যুর পর অনেকেই তার পরিবারের পাশে থাকার কথা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও কেউই এগিয়ে আসেননি। পরবর্তীতে জিয়ার পরিবারের কষ্টকর দিনের কথা গণমাধ্যমে উঠে এলে তা ক্রিকেটার তামিম ইকবালের নজরে পড়ে। এরপরই ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জিয়া পরিবারের পাশে দাঁড়ান দেশসেরা বাঁহাতি এই ওপেনার।

হোম অব ক্রিকেটে বৃহস্পতিবার তামিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রয়াত জিয়ার স্ত্রী তাসমন সুলতানা ও সন্তান তাজওয়ার। এ সময় তাদের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন তামিম।

এরপর সাংবাদিকদের তাসমন সুলতানা বলেন, ‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তা হলে আমার মনে হয় সবকিছু ভালো হবে। উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি সবসময় পাশে থাকবেন বলেছেন।’

দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে আলাপ করতে পেরে দারুণ খুশি তাজওয়ার, ‘উনিতো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। ওনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বলেছেন দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’