রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় এলোপাথাড়ি ছুরিকাঘাকাতে এ কে এম আবদুর রশিদ (৮৫) নামে এক যুক্তরাজ্যপ্রবাসী ডাক্তার নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। পরিবার ও পুলিশ বলছে, এই দম্পতি যুক্তরাজ্যপ্রবাসী। তারা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় তারা থাকতেন। বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল।
হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, নিহত আবদুল রশিদ ওই বাসার মালিক। আবদুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ তাদের চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আবদুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।
বাঁধন আরও বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর তারা সেপ্টেম্বর মাসে দেশে আসেন ও ডিসেম্বরে চলে যান।
আবদুর রশিদের ভাগনে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তারা উঠেছিলেন। তখন বাইরে থেকে তিনজন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এখনও জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে এবং মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাজারীবাগ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি আবদুর রশিদ বারান্দার দরজা খুলে নামাজ পড়ছিলেন। দোতলার ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। এ সময় দুই-তিনজন ওই বাসায় ঢুকে পড়ে। সে সময় তিনি বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কোনো কিছুর আঘাতে অথবা ছুরিকাঘাত করলে তিনি মারা যান। তারা নিহতের স্ত্রীর গলার চেইনসহ আরও কিছু মালামাল নিয়ে গেছে।
তিনি বলেন, আবদুর রশিদের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা ঘটনাটি তদন্ত করছি, আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন