রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য জানিয়েছেন। দুই ছেলের নাম রোহান (৭) ও মুছা (৩)। ঘাতক বাবার নাম মো.আহাদ (৪০)।

এসআই মাজেদুল বলেন, আজকে সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে দাঁড়ালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।