শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেই নিউজিল্যান্ডের নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। পরে টম লাথামের নেতৃত্বে ভারত সফরে তিন ম্যাচের টেস্টে সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। কম্বিনেশনের স্বার্থে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে বাদ পড়তে হয় সাউদিকে। দেওয়াল লিখনটা পড়তে ভুল করেননি সাউদি। তাই সসম্মানে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার।

টিম সাউদি তার টেস্ট ক্যারিয়ার শেষের দিকে এগিয়ে আসছে, এটা বুঝেই অবসর ঘোষণা করলেন টিম সাউদি। জানিয়ে দিলেন নিজের দেশে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। সুতরাং, ঘরের মাঠ হ্যামিল্টনে ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচটিই হতে চলেছে লাল বলের ক্রিকেটে দেশের জার্সিতে টিম সাউদির ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৩৫ বছরের সাউদি নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯৭টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৩৮৫টি উইকেট। তিনি টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ছাড়া নিউজিল্যান্ডের আর কোনও বোলার সাউদির থেকে বেশি টেস্ট উইকেট সংগ্রহ করতে পারেননি।

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় টিম সাউদির। ১৬ বছর পরে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মাঠে নামবেন তিনি। অবশ্য সাউদি এটা জানিয়েছেন যে, নিউজিল্যান্ড যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তবে জুনে লর্ডসের ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।

টিম সাউদি টেস্টে ১৫ বার ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছেন। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার। টেস্টের এক ইনিংসে তার সেরা বোলিং পারফর্ম্যান্স ৬৪ রানে ৭ উইকেট। সাউদি ব্যাট হাতেও নিউজিল্যান্ডের পারফর্ম্যান্সে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৫০টি টেস্ট ইনিংসে ব্যাট করে ২১৮৫ রান সংগ্রহ করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৭৭ রানের।

সূত্র: হিন্দুস্তান টাইমস