ভালো মানের একজন লেগ স্পিনারের যে ঘাটতি বাংলাদেশ দলে ছিল, সেটা কিছুটা হলেও ঘুচিয়ে দিয়েছেন। টি-টোয়েন্টি দলে হয়ে উঠেছেন নিয়মিত মুখ। কার্যকরী বোলিংয়ের পাশাপাশি তার খুনে ব্যাটিংটাও তাকে আরাধ্য করে তুলছে এই সংস্করণে। সবশেষ বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছেন, তাতে এবারের আইপিএলে দল পেয়ে যেতে পারেন রিশাদ হোসেন, এমন আশার রেণুও উড়ছে বাংলাদেশের ক্রিকেট আকাশে।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই নিলামে নাম আছে বাংলাদেশের ১২ ক্রিকেটারের। এদের মধ্যে রিশাদ একজন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। এই তরুণকে পাওয়ার জন্য আইপিএলের দলগুলো দর হাঁকাবে বলেই ধারণা। বিষয়টা অজানা নয় রিশাদের। এতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত থাকার কথা তার, উড়ানোর কথা আশার ফানুস। তরুণ স্পিন অলরাউন্ডার তা করছেন না। মিরপুরে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি, সেখানে আইপিএলে খেলা নিয়ে ভাবনার কথা জানতে চাইলে রিশাদ বলেছেন, ‘ইচ্ছা তো সবারই থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না, আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না!’
মনোকষ্টের কথা ভেবেই আইপিএল ভাবনায় বুদ হতে নারাজ রিশাদ। ক্রিকেট দুনিয়ার সবথেকে জৌলুসপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির কোন দল পছন্দ, এমন প্রশ্নেও নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেন এই তরুণ। তবে দল যদি কলকাতা নাইট রাইডার্স হয়, তা হলে যে খুশিই হবেন, সেটাও জানিয়ে রাখলেন। এর নেপথ্য কারণ যে সাকিব আল হাসান, সেটাও গোপন রাখলেন না, ‘(পছন্দের দল) এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে, তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেবারিট কলকাতা। সাকিব ভাই ওই দলে অনেক দিন খেলেছেন, তাই।’
আইপিএলে দল পাবেন কি না, সেটা সময় বলবে। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিগব্যাশে দল পেয়েছেন রিশাদ। হোবার্ট হ্যারিকেন্স ড্রাফট থেকে দলে নিয়েছে তাকে। কিন্তু আসরটিতে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে। কেননা সামনেই ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গী হবেন, এরপর খেলবেন বিপিএল। তাই বিগব্যাশে তার খেলার তেমন কোনো সম্ভাবনা নেই। রিশাদও পরিস্থিতি বুঝতে পারছেন। তাই এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। শুধু বললেন, ‘এখন পর্যন্ত জানি না।’
রিশাদ এখন প্রস্তুত হচ্ছেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানসহ মোট পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি দলের এই টুর্নামেন্ট হবে ক্যারিবীয় দ্বীপ গায়ানায়। এই টুর্নামেন্ট ঘিরেও বড় কোনো আশা রাখছেন না রিশাদ, ‘আগ থেকে কোনো লক্ষ্য ভেবে রাখছি না। শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই। স্বাভাবিক পরিকল্পনা নিয়েই যাব। যেহেতু আমাদের প্রতিপক্ষ চার দল চার রকম। চেষ্টা করব নিজের ভালোটা দেওয়ার।’
এই টুর্নামেন্ট রিশাদকে বাড়তি সুবিধা দেবে জাতীয় দলে খেলার ক্ষেত্রেও। কেননা টিম বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজেই অবস্থান করছে। ২২ নভেম্বর শুরু হবে দুই টেস্টের সিরিজ। এরপর ওয়ানডে আর টি-টোয়েন্টি আছে। সবকিছু ঠিকঠাক এগোলে দুই সিরিজেই খেলবেন রিশাদ। তাই গ্লোবাল সুপার লিগে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন এই তরুণ। এটা বেশ কাজে দেবে বলেই ধারণা। সবশেষ তিন সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি, এবার ছন্দে ফিরতে চান। এজন্য বোলিং বৈচিত্র্য বাড়াতে কাজও করছেন তিনি। নিজেই বললেন, ‘বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়ে কাজ করেছিলাম। ভেরিয়েশন, লাইন-লেংথ ইত্যাদি। আশা করছি সামনের সিরিজগুলোয় ভালো…চেষ্টা করব।’


মন্তব্য করুন