রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বিষ প্রয়োগে পথ কুকুর ও বিড়াল হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি শনিবার জাপান গার্ডেন সিটির সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। এছাড়া প্রাণীপ্রেমী তারকারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) ‘পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষে এর সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শনিবার সকালে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (প ফাউন্ডেশন) চেয়ারম্যান রাকিবুল হক এমিল তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি আদাবর থানায় থাকবো ১১ টার দিকে। জাপান গার্ডেন সিটির কুকুর হত্যার ইস্যুতে আইনিভাবে থানার যতটা করণীয় সেটুকু যেন তারা করে। এটা চেষ্টা করবো। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে পোস্টমর্টেমের জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস মহাপরিচালক মহোদয় নিজে দিয়েছেন। তারা যোগাযোগও রাখছেন। স্থানীয়দেরকে অনুরোধ করছি, এই পোস্ট দেখলে কল দিবেন আমাকে। কয়েকজনকে কল দিচ্ছি, পাচ্ছি না। আপনাদের লাগবে ঘটনার সাক্ষী ও অভিযোগকারী হিসেবে। আইনিভাবে যেটুকু অভিজ্ঞতা আর পথ চিনি, সবখানে চেষ্টা করতে চাই।’
এর পরে দুপুরে আদাবর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরে আরেক পোস্টে এমিল লিখেছেন, ‘আজ প ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আদাবর থানায় দেখা করে একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী একটি মামলা করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই আইন অনুযায়ী মামলা করার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অভিযোগপত্র সংগ্রহ, ময়নাতদন্ত ও থানায় লিখিত অভিযোগের গৃহিত কপি দরকার।’
অভিনেত্রী জয়া আহসান তার ফেইসবুক পেজে প্রতিবাদ জানিয়ে করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই- ক্ষুধার্ত তবু বন্ধু।’ ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেছেন জয়া। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার ফেইসবুকে লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কীভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিল, পারেনি। এবার করেই ফেলল।’ এছাড়া সালমান মুক্তাদিরসহ অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর নিয়ে অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। তারই বাস্তবায়ন হয় শুক্রবার দিবাগত রাতে।
শনিবার দুপুরে জাপান গার্ডেন সিটির প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী চলা অবস্থায় জাপান গার্ডেন সিটির বাসিন্দা তানিশা হক বলেন, দীর্ঘদিন ধরে আমি জাপান গার্ডেনের ভেতর কুকুর ও বিড়ালদের খাবার দিয়ে আসছি। তাদের সন্তানের মতো লালন পালন করছি। গতকাল রাতে জাপান গার্ডেনের ভেতর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৭টি কুকুর ও ১টি বিড়ালকে তারা হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
এদিকে বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়ালকে হত্যা করা হয় বলে আদাবর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিযোগে তিনি ঘটনার বিবরণ উল্লেখ করে জানিয়েছেন, জাপান গার্ডেন সিটির কয়েকজন বাসিন্দা গতকাল (২২ নভেম্বর) রাত ৯টায় দেখেন যে, কিছু কুকুর ও বিড়াল বিষাক্রান্ত হয়ে যন্ত্রণায় ছোটাছুটি করছে এবং বিষ প্রয়োগের ফলে মুখ দিয়ে রক্ত বমি করছে। অতঃপর যন্ত্রণায় অস্থির হয়ে মৃত্যুবরণ করে। এরপর এলাকাবাসী ও প্রাণী অধিকারকর্মীরা আপনার থানায় যোগাযোগ করলে একজন সাব ইন্সপেক্টর জনাব নাসির ঘটনাস্থলে আসেন এবং তার উপস্থিতিতে ৩টি কুকুর ও ১টি বিড়ালের মরদেহ পাওয়া যায়। বাকিদের মৃতদেহ ইতোমধ্যে লুকিয়ে ফেলা হয়। ঐ সময় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে যে, কুকুরগুলোকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এবং ইতিপূর্বে এখানকার পথপ্রাণীদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল। প্রাণীকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ ঘটনার জন্য দায়ি ব্যক্তিদেরও চিহ্নিত করেছেন। অভিযোগে তিনি লিখেছেন, এলাকাবাসির সাথে কথা বলে জানা যায় যে, জাপান গার্ডেন সিটির কমিটির অন্যান্য সদস্যদের সমন্বয়ে সেক্রেটারি জনাব শাহানুর এই বর্বরোচিত ও আইন বিরোধী কাজটি সম্পন্ন করেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী নওশাবা বলেন, আমরা তিনটি কুকুরের শবদেহ সংগ্রহ করে তাদের পোস্টমর্টেমের ব্যবস্থা করেছি। আগামীকাল ফলাফল আসার পর মামলা করা হবে। আমরা চাই এ ঘটনার মধ্য দিয়ে আইন লঙ্ঘন করে এভাবে অমানবিক কার্যক্রম সারাদেশে বন্ধ হবে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সকল প্রাণীপ্রেমি মানবিক মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। যারা লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন তাদের আদালতে গিয়ে মামলার পরামর্শ দিয়েছি। তাছাড়া এই এলাকায় আর যেন কেউ প্রাণী হত্যা না করে সেই বিষয়েও সতর্ক করেছি। তিনি বলেন, এই এলাকায় আসলেই কুকুরের অত্যাচার বেড়েছে। তাই বলে প্রাণী হত্যা করা তো সমাধান না।


মন্তব্য করুন