রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত। তবে কি নিয়ে সংঘর্ষ তা এখনও জানা যায়নি।

এই ঘটনায় প্রায় ৩০জন আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে। আহতরা হলো, ইমন (২৪) উৎসব (২৪)আজাদ (২৪) বুলবুল (২৪) প্রাশান্ত(২৪) শিশির(২৪) তৌফিক (২২) রুদ্র (২৩) আনান (১৮) জুনায়েদ (২৪) (১১) সমিক (২৪) ইমন (২০) রাকিব (২০) নাহিদ(২৩) ইমন (২৩) প্রবাল (২২) রমজান (২২) মোঃ মিঠুন (২১) (১৯) ইমরান(২১),নাদিম (২০) (২১)ফাহাদ (১৯) খালেক (১৯) সোহান (২২) আমিন (২২) রিফাত বিশ্বাস (১৮) তপু (২০) মেহেদী (২১) প্রার্থ (২৪) হাসান (১৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, তেজগাঁও থেকে মারামারির ঘটনায় প্রায় ৩০জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। সবাই জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ জানায়, বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে দুই ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।