ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুমে খুব বেশি বিদেশি ফুটবলারকে মাঠ কাঁপাতে দেখা যাবে না। ফলে শুরুর আগেই জৌলুস হারানোর শঙ্কা ছিল। এমন গুটিকতক সংকট ও নানা চ্যালেঞ্জের মাঝেই শুক্রবার ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়িয়েছে।

উদ্বোধনী দিনে ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে মোহামেডান। আরেক ম্যাচে সাদাকালো শিবিরের মতো জয় দিয়ে লিগ শুরু করেছে ব্রার্দাস ইউনিয়ন। বাংলাদেশ পুলিশকে তারা ২-১ গোলে হারিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৭-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে।

গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামের অভিষিক্ত হওয়ার দিনে দারুণ শুরু পায় মোহামেডান। ৫ মিনিটের মাথায় বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে বক্সের ভেতরে দৃষ্টিনন্দন এক শটে লক্ষ্যভেদ করেন ইমানুয়েল। এরপর ব্যবধান বাড়ান মিনহাজুর আবেদিন রাকিব। প্রথমার্ধের আগে সাদাকালো শিবিরের অধিনায়ক সোলেমানে দিয়াবাতে গোল করলে স্বস্তি নিয়েই বিরতিতে যায় মোহামেডান। বিরতির পরও বল দখলে আধিপত্য দেখিয়ে খেলেছে তারা। ম্যাচের শেষ ১০ মিনিটে আরও তিন গোল করেছে দলটি। যার শুরুটা ৮০ মিনিটের মাথায় বেয়োটাংকে দিয়ে। এরপর মুজাফফরভের পাসে নিজের জোড়া ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেন দিয়াবাতে। যোগ করা সময়ে ওয়ান্ডারার্সের জালে শেষ গোলটি করেন বদলি নামা সৌরভ দেওয়ান। তাতে বড় জয় নিয়েই প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করে আলফাজ আহমেদের শিষ্যরা।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের হয়ে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন দুই গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো। দুজনেই পেয়েছেন গোলের দেখা। প্রথমার্ধের ২৩ মিনিটের সময় ম্যাডি সিসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার পাস থেকে পুলিশের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে ঢুকে গোলটি করেন ম্যাডি। যদিও বিরতির আগেই সমতা ফেরায় পুলিশ। ৪৪ মিনিটে আরিফুর রহমানের কর্নার থেকে মানিক হোসেন মোল্লা হেড করে সমতাসূচক গোলটি করেন। কিন্তু ৬২ মিনিটে সময় জাকারিয়া দারবোর গোলে ব্রার্দাসের জয় নিশ্চিত হয়।