রাজধানীর পূর্ব রামপুরায় আলআমিন (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আলআমিনের বন্ধু নাইমুল হাসান সাকিব বলেন, আলআমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পিছনে। সন্ধ্যার দিকে সে নিজে আলআমিন সহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে আলআমিনের ডান কানের পাশে গুলিবিদ্ধ হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, গত ৪/৫দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা করি। এরপর আজকে আমাদের উপর গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক কান গলা বিভাগে তার চিকিৎসা চলছে।