আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আইরিশদের বিপক্ষে এই তিন ম্যাচ শুধু নয়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তিনটি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের। আপাতত সেই হিসাব ধরে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছে নিগার সুলতানারা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে যোগ হয়েছে বাড়তি দুই পয়েন্ট।
সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে হারানোর পর শনিবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আইরিশ মেয়েরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

গতকাল সকালে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে বেশ ধীরে রান তুলছিল সফরকারী দলের দুই ওপেনার। বাংলাদেশি বোলারদের তোপে পাওয়ার প্লেতে উইকেট হারায় তারা। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন গ্যাবি লুইস। এরপর ১১তম ওভারের প্রথম বলে নাহিদা আক্তারের বলে এলবিডব্লু হন আরেক ওপেনার সারাহ ফর্বস। ততক্ষণে তাদের রান দুই উইকেটে ৩৫।

তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে তৃতীয় উইকেট জুটিতে। অধিনায়ক অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের ৯১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় সফরকারীরা। ৭২ বলে ৩৭ রান করে প্রেন্ডারগাস্ট থামলেও হাফসেঞ্চুরি তুলে নেন হান্টার। বাঁহাতি স্পিনার স্বর্ণা আক্তারের শিকার হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন হান্টার। ৮৮ বল খেলে ৮টি চার মারেন তিনি।

৩৫তম ওভারে হান্টারকে বিদায় দিয়ে আয়ারল্যান্ডের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশের বোলাররা। যদিও শেষদিকে লরা ডেলেনির ব্যাটেও কম রান আসেনি। ৫০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১৫ বলে ১৮ রান করেন উনা রেমন্ড। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও স্বর্ণা নেন একটি করে উইকেট।

নারী ক্রিকেটে লক্ষ্যটা একেবারেই ছোট নয়। তবে এর আগে ২১১ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাড়া করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। এরপর অবশ্য বরাবর একশ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার ফারজানা হক ৮৯ বলে ৫০ করে ফেরেন সাজঘরে। আগের ম্যাচে শতক ছুঁই ছুঁই ইনিংস খেলা শারমিন আক্তার এদিনও খেলেছেন দারুণ এক ইনিংস।

৬৩ বলে চারটি চারে করেন ৪৩ রান। আভা ক্যানিংয়ের বলে এমি হান্টারের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর লরা ডেলেনির বলে আউট হন সোবহানা মোস্তারিও। ২৯ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ম্যাচ বের করে আনেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার। যদিও দলের জয়ের আগে বিদায় নেন নিগার। ৩৯ বলে তার ব্যাট থেকে আসে ৪০ রান। তার বিদায়ের পর দলকে বাকি পথটুকু টেনে নেন স্বর্ণা আক্তার। ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।