জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান। তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উন্মোচিত হয় বিপিএলের নতুন মাসকট ও থিম সং।
মূল অনুষ্ঠানের আগেই উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিপিএলের এবারের আসর নিয়ে বিসিবি এবং সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তার নেতৃত্বে বিপিএলের ভেন্যুগুলোর সংস্কার এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবারের বিপিএল ঘিরে এমন আকর্ষণীয় আয়োজন সম্ভব হয়েছে।
এই আয়োজন পরিণত হয় সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের এক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা অনুষ্ঠানটিকে রঙিন করে তোলেন।


মন্তব্য করুন