রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসার ৭ তলা থেকে নিচে পড়ে নাইমুন নাহার মিতু (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খিলগাঁও সিপাহীবাগ বাজার এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে মারা যায়।

হাসপাতালে মৃতের শ্বশুর আবদুল জলিল জানান, মিতুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে। বাবার নাম এবাদুর ইসলাম খোকন। বর্তমানে খিলগাঁও থানার সিপাহীবাগ বাজার এলাকার বাসায় ভাড়া থাকেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিতু ছিল দ্বিতীয়। এক বছর আগে তার ছেলে সাজেদুল ইসলাম প্রেম করে মিতুকে বিয়ে করে।

তিনি বলেন, দুপুরে মিতুর শাশুড়ি ভাত খেতে বলে মিতুকে। তখন মিতু বাসার ছাদে কাপড় শুকাতে যাওয়ার কথা বলে। সেখানে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়। ওই বাসার ছাদে রেলিং ছিল না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থেকে ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাসার ছাদ থেকে পড়ে গিয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।