ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য।

সিনিয়র, যুব দল কোনো পর্যায়ে বাংলাদেশের থাইল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে রেখে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।