রান তাড়ায় দারুণ শুরুতে ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দুই ওপেনার সোবহানা মুস্তারি ও দিলারা আক্তার ইতিহাস গড়লেও শেষে হেরেই গেল বাংলাদেশ। স্বাগতিকদের ১২ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি গড়েছিল আয়ারল্যান্ড। জবাবে ১০৩ রানের রেকর্ড ওপেনিং জুটির পরও বাংলাদেশ থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে।

তবে রান তাড়ার শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল। উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ১০৩ রান যোগ করেন দিলারা-মোস্তারি। ভাঙেন ১১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটিই শতরান পেরোতে পারেনি। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮১ রানের জুটি গড়েছিলেন আয়শা রহমান ও রুমানা আহমেদ। সেই ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ শুরুর পর জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

প্রথমে মোস্তারিকে ফিরিয়ে আইরিশদের ব্রেকথ্রু এনে দেন ওরলা প্রেন্ডারগাস্ট। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন মোস্তারি। পরে দিলারা আক্তারও পাননি ফিফটির দেখা। ৪১ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৯ রানে আরলেন কেলির শিকার হন তিনি। একই ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকেও (৪) তুলে নেন কেলি। এরপর একপ্রান্ত আগলে রেখে শারমিনা আক্তার সুপ্তা আশা জুগিয়েছিলেন বটে। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ১৩ বলে ২ চারে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। আইরিশদের হয়ে ২২ রানে তিনটি উইকেট নেন কেলি। ২৪ রান খরচে ওরলারও শিকার তিনটি উইকেট। বাকি একটি উইকেট নিজের খাতায় জমা করেন আইমি মাগুয়ার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। যদিও ৪৬ রানে ২ উইকেট হারায় তারা। কিন্তু সেখান থেকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল। তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। তবে ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রানে লুইস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেন পল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার।

এদিকে একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর।