ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। দারুণ সুখস্মৃতি নিয়ে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতেই দেখতে হয়েছে হারের মুখ। আইরিশদের ১৬৯ রান টপকাতে নেমে ১২ রানে হারতে হয় টাইগ্রেসদের।

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানালেন দলের অন্যতম অভিজ্ঞ পেসার জাহানারা আলম। আজ দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে তীব্র লড়াই করে বাংলাদেশ। তবে ১৯তম ওভারে পরিকল্পনামতো ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হারে বাংলাদেশ। এখন সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। দ্বিতীয় ম্যাচের আগে জাহানারা বলেছেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সবসময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’

জাহানারা বললেন, প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে অন্তত করবে না দল, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তা হলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’

কুড়ি ওভারের ক্রিকেটে পরিকল্পনা করার সময় খুব কম পাওয়া যায়। তবে দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে জাহানারা বললেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ-অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব।’