গত এক দশক ধরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ক্যারিবীয়দের কাছে ওয়ানডে সংস্করণে হারতে ভুলেই গিয়েছিল টাইগাররা। দুই বছর আগে যে দলটাকে তাদের মাটিতে ধবলধোলাই করেছিল বাংলাদেশ, এবার তাদের কাছে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে। এখন উল্টো ধবলধোলাইয়ের শঙ্কা জেগেছে।
সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে তিনশর কাছে লক্ষ্য দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অথচ দ্বিতীয় ম্যাচে করতে পারে মাত্র ২২৭ রান, তাও অনেক কষ্টে। বোলার তানজিম হাসান যদি চল্লিশোর্ধ্ব রানের ইনিংসটা না খেলতেন তা হলে দেড়শ রানেই আটকে যেতে পারত বাংলাদেশ।
যে মাঠে খেলা হচ্ছে সেখানে তিনশর বেশি রান করা ছাড়া জয়ের আশা করাও ভুল। অথচ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১১৫ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। ২২৭ রানের পেছনে বড় অবদান ছিল মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের। দুজনের ৯২ রানের অষ্টম উইকেট জুটিতে কোনোমতে মান বাঁচে। আদতে সেটি যে যথেষ্ট ছিল না, তা ৩৭ ওভারের মধ্যে ৭ উইকেটে জিতে প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজ।
এমন হারের পর টাইগার অধিনায়ক অবশ্য রাখঢাক রেখে কথা বলেননি। এমন বড় হারের পেছনে সোজা ব্যাটিংকেই দায় দিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তিনশ করা ছাড়া এই উইকেটে ম্যাচ জেতার আশা না করাই ভালো।
ব্যাটারদের ভুলের কারণে এমনটা হয়েছে উল্লেখ করে মিরাজ বলেন, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই।’
দলের একশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ২৬ ওভারে একের পর এক উইকেট পতনে হার মানতে হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। বড় কোনো জুটি হয়নি আমাদের। একের পর এক উইকেট পড়েছে। মাহমুউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে। কিন্তু ভুল আমাদেরই হয়েছে। সিলেসরা ভালো বল করেছে।’
তবে চতুর্থ উইকেট পতনের পরও দল ঘুরে দাঁড়াবে বলে আশা করেছিলেন অধিনায়ক, ‘আমরা শুরুতে রান তুলতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের যথেষ্ট রান ছিল না, তিনশ রানের বেশি করা দরকার ছিল।’
বাংলাদেশের দেওয়া ২২৮ রানের টার্গেট ৭৯ বল বাকি রেখে সহজেই স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তুলেছিল ক্যারিবীয়রা। এসময় বাংলাদেশ বোলাররা ভালো বল করেছে বলে মনে করেন মিরাজ, ‘প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এমন স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য কঠিন।’


মন্তব্য করুন