এনসিএল টি-টোয়েন্টির চলমান আসরে ঢাকা মেট্রো একরকম অপ্রতিরোধ্য দল। খুলনা দল ছিল একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে। দ্বিতীয় কোয়ালিফায়ার বলতে গেলে ফাইনালের আগে আরেক ফাইনাল। এনসিএল টি-টোয়েন্টিতে দুর্বার ছিল খুলনা বিভাগ। তবে বাঁচা-মরার লড়াইয়ে নেমে বেশ বাজেভাবে হেরে বিদায় নিল।

খেলাটা টি-টোয়েন্টি বলেই অবিশ্বাস্য কিছু করে ফেলেছেন ঢাকার স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তুলে একটি উইকেট! আলিসের হাড়কিপ্টে বোলিং আর মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসানদের ঘূর্ণিতে খুলনাকে ৩৮ রানে হারিয়ে দেয় ঢাকা। ২৪ ডিসেম্বর ফাইনালে তারা মুখোমুখি হবে রংপুরের।

সিলেটে টস জিতে ব্যাট করতে নামলে ৮ উইকেটে ১১৯ রানে থামে ঢাকা। বলা যায় খুলনার জন্য এটি মামুলি লক্ষ্য। তবে শেষ পর্যন্ত যে এটি পাহাড়সম হয়ে যাবে কে জানত। লক্ষ্য তাড়া করতে নামলে ১৭.৪ ওভারে ৮১ রান করতেই অলআউট হয় খুলনা। পুঁজি অল্প হওয়ায় ঢাকা মেট্রোর হয়ে দুই প্রান্ত দিয়ে বোলিং ওপেন করেন দুই স্পিনার রাকিবুল হাসান ও আলিস আল ইসলাম। স্পিন বিষে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে খুলনা।

নিজের প্রথম ওভারে আজিজুল হাকিম তামিম (০) ও ইমরুল কায়েসকে (০) ফেরান রাকিবুল। পরের ওভারে মোহাম্মদ মিঠুন হন রানআউট। শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হয় খুলনা।
টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ফর্মে থাকা খুলনার অধিনায়ক নুরুল হাসান ১৮ বলে করেন ২২ রান, এনামুল বিজয়ের ব্যাটে আসে ১৫ বলে ১৬ রান আর মাসুম খান করেন ২৫ বলে ১৬ রান। ১৩ রানে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ম্যাচ সেরা রাকিবুল হাসান ও মারুফ মৃধা নেন ২টি করে উইকেট। আলিস আল ইসলাম ১ উইকেট পেলেও তার কিপ্টে বোলিং চাপে ফেলে খুলনাকে।

এর আগে ব্যাট করতে নেমে নাইম শেখের ৫৩ বলে ৫৭ আর ইমরানুজ্জামানের ১০ বলে ১৪ রানে ঢাকা মেট্রো করেছিল ১১৯ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মোস্তাফিজুর রহমান ফেরার ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১টি উইকেট।