ক্রিকেটে তিন যুগের পথচলা বাংলাদেশের। সুদীর্ঘ এই পথচলায় অনেক অনেক নতুনের সঙ্গে ঘটেছে পরিচয়, সামনেও ঘটবে, ঘটছে এখনও। এই তো সেদিন, নির্দিষ্ট করে বললে ২১ ডিসেম্বর ঘরোয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছে টাইগ্রেসরা। দুদিন যেতে না যেতেই আরেকটি নতুন দুয়ার খুলে ফেললেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম সেঞ্চুরিয়ান বনে গেছেন তিনি।
মেয়েদের বিসিএল শুরু হয়েছে শনিবার। চার দলের আসরটি বসেছে রাজশাহীতে। দেশের উত্তরাঞ্চলীয় নগরীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল আর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে লড়ছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলকেই নেতৃত্ব দিচ্ছেন নিগার। উত্তরাঞ্চলের ২৪০ রানের জবাবে সোমবার ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। দলটির ওই সংগ্রহে মূল ভূমিকা রেখেছেন নিগার, ইনিংস ঘোষণার সময় ১৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
আসর শুরুর দিনে বেশ কয়েকজন সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। সেই সম্ভাবনাকে কেউই বাস্তবরূপ দিতে পারেননি। তাই ৮৫ রানে অপরাজিত থেকে নিগার যখন দ্বিতীয় দিন শেষ করেন, তখনও সংশয় ছিল তিন অঙ্কের ম্যাজিক ফিগারে তিনি পৌঁছাতে পারবেন কি না। সোমবার সকালেই তা দূর করে দেন এই কিপার-ব্যাটার। জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সবমিলে খেলেছেন ২৫৩ বল, হাঁকিয়েছেন ২০টি চার ও দুটি ছক্কা।
নিগারের এমন ব্যাটিং প্রদর্শনীর পরও অবশ্য জিততে পারেনি মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থাকা উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং প্রদর্শনীতে ম্যাচটা ড্র করেছে। নিগারের দেখানো পথ ধরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ফারজানা হক পিংকি। ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি পাননি আরেক ওপেনার ইশমা তানজিম। ৯০ রান করে দিশা বিশ্বাসের বলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ওই একটি উইকেটই নিতে পারে নিগারের দল মধ্যাঞ্চল। উত্তরাঞ্চল তোলে ২০৪ রান।
আরেক ম্যাচে দারুণ এক জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে ১৯৩ রানে অলআউট হওয়া পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে তুলতে পারে ১৬২ রান। এতে জয়ের জন্য মোটে ১২ রানের লক্ষ্য পায় প্রথম ইনিংসে ৩৪৭ রান তোলা দক্ষিণাঞ্চল।
লক্ষ্যটা অনায়াসেই ছুঁয়ে ফেলে দলটি। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন তারাই।


মন্তব্য করুন