রাজধানীর লালবাগ এলাকা থেকে ডাকাত চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। ডাকাত চক্রের গ্রেফতার সদস্যরা হলেন- মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) ও মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)।
অভিযানে তাদের কাজ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং লোহার রডের সাথে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা করাত উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে লালবাগ কেল্লার মোড় বেড়িবাঁধ সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি টিমি। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের আরও ২ থেকে ৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্বন্ধে জানা যায়, গ্রেফতার আসামিরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে সেখানে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন