তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই গত বছরের সেপ্টেম্বর থেকে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার পর লাল-সবুজের জার্সি থেকে একরকম মুখ ঘুরিয়ে নিয়েছেন। জাতীয় দলের হয়ে আর খেলবেন না এমন গুঞ্জনও আছে। তবে জাতীয় দলে ফেরা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।

বলা হচ্ছে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এই ওপেনার। তবে সেটি কতটা সত্য এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য নেই কারও কাছে। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। গত আসরে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। এবারও দলের নেতৃত্বে আছেন তিনি।

আসরের উদ্বোধনী ম্যাচে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়তে মাঠে নামবে বরিশাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হলে বিপিএল ছাড়াও জাতীয় দল নিয়ে করা হয় প্রশ্ন। তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না, ফিরলেও কবে নাগাদ ফিরতে পারেন এমন প্রশ্নে তামিমের সোজা উত্তর, আপাতত বিপিএল নিয়েই ভাবছেন তিনি।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’

বিপিএলে ফরচুন বরিশাল বেশ শক্তিশালী দল গুছিয়েছে এবার। পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদিকে নিয়েছে দলটি। এ ছাড়া আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। কাগজে-কলমে বরিশালের অবস্থান নিয়ে তামিম বলেন, ‘এক বা দুই বলতেই পারেন। আমরা যে দল সাজিয়েছি, আমার কাছে মনে হয় যতটুকু পেরেছি গ্যাপগুলো (ঘাটতি) পূরণ করেছি।’

যদিও শাহীন আফ্রিদির শুরুর পাঁচটি ম্যাচে খেলার কথা রয়েছে। প্রায় প্রত্যেক দলেরই বিদেশি খেলোয়াড়রা শেষ পর্যন্ত খেলবেন কি না এটি একরকম অজানা। শুরুটা ভালো হলেও ভবিষ্যতে চ্যালেঞ্জ দেখছেন তামিম, ‘চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচের পর। তখন খেলোয়াড়রা (বিদেশি) আসা-যাওয়ার মধ্যে থাকবে। সব দলের জন্যই চ্যালেঞ্জ হবে। ওই সময় যারা গ্যাপটা পূরণ করতে পারবে তারাই এগিয়ে থাকবে।’

আপাতত দলগুলোর স্কোয়াডের দিকে তাকালে মনে হবে বরিশালের পরই শক্তিশালী রংপুর রাইডার্স। কিন্তু তামিম এ কথা মানতে চান না। উদাহরণ হিসেবে সবশেষ আসরকে সামনে আনলেন তিনি, ‘আমি এটাকে দুটো দলের টুর্নামেন্ট বলতে চাই না। আপনি যদি সবশেষ আসরও দেখেন, আমরা মনে হয় কাগজে-কলমে তৃতীয় ছিলাম (কুমিল্লা ও রংপুরের সঙ্গে তুলনায়)। কিন্তু আমরা শিরোপা জিতেছি। এ বছরও আমার কাছে মনে হয় কয়েকটা দল খুবই ভারসাম্যপূর্ণ। যখন খেলা শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারব কার শক্তি কোথায় আছে। কিন্তু এ মুহূর্তে বসে এ হিসাব করাটা আসলে কঠিন। আমি নিশ্চিত প্রথম রাউন্ডের পর সবাই বুঝে যাবে কোন দল কেমন চ্যালেঞ্জিং।’