দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিবকে দেশে আসতে বারণ করা হয়। যে কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারছেন না এই অলরাউন্ডার।
দেশের মাটিতে খেলতে না পারলেও সাকিব দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তবে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বোলিং নিষিদ্ধ হয়েছে তার। ইংল্যান্ডের পর ভারতের চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিয়েছেন সাকিব। এখনও ফলাফল আসেনি। ফলাফল না আসা পর্যন্ত সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।
এদিকে আগামী মাসে পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানে খেলা নিয়েও কাটেনি অনিশ্চয়তার কালোমেঘ। দেশের মাটিতে খেলতে না পারলেও জাতীয় দলের হয়ে বাইরে খেলতে পারবেন তিনি। যদিও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজে খেলেননি তিনি। তবে এবার সাকিবকে নিয়ে আশার আলো দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন সাকিবের দেশের মাটিতে খেলতে হলে মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে বিসিবিকে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি বলেছেন সরকারি যে ব্যাপারটা সেগুলো উনি দেখবেন।’ দেশের মাটিতে খেলার ব্যাপারেও মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস পাওয়া গেছে বলেও জানান ফারুক আহমেদ। তিনি বলেছেন সাকিব সংশ্লিষ্ট বিষয়গুলো ক্রীড়া উপদেষ্টা নিজেই দেখবেন, ‘সাকিবের ব্যাপারটা, আসলে আমি এটা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলেছিলাম। আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, তিনি বলেছিলেন সাকিবের ব্যাপারটা সে আসবে, খেলবে এটা সরকার দেখবে। তারপর নিরাপত্তার বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে সেটা আর সম্ভব হয়নি।’ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে সাকিবকে দলে রাখা নিয়ে নির্বাচকদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসব।’
গত দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় সাকিবের দেশে আসার খবরে উত্তাল হয়ে পড়ে দেশ। সাধারণ ছাত্র-জনতা কোনোভাবেই সাকিবকে দেশে আসতে দেবে না বলেও জানায়। এমনকি কয়েক দিন ধরে আন্দোলন, মিছিলও করে। এই ইস্যুতে বিসিবিপ্রধান বলেন, ‘চাহিদা থাকলেই তো হয় না, কারণ এটা একটা জাতীয় ইস্যু।’ মন্ত্রণালয় থেকে থেকে সাকিবের ব্যাপারে পজিটিভ সংকেত পাওয়া গেলেও তার ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং পারফরম্যান্স বিবেচনায় আসবে বলে জানান ফারুক আহমেদ, ‘সরকারের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে, সেটা যদি ঠিক করা যায়, তা হলে কিছু হতে পারে। এরপর আছে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম-এসব দেখে নির্বাচকরা সিদ্ধান নেবে।’


মন্তব্য করুন