চলতি বছর একই সময়ে মাঠে গড়াবে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ। জনপ্রিয় লিগ আইপিএলের পাশাপাশি সমর্থক টানতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কেননা আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিএসএলের প্রতি। বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে এবারের ড্রাফটে জায়গা পেয়েছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার।

তাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। আগামী শনিবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আইপিএলে দল না পাওয়া অনেক তারকাই পিএসএলের দিকে ঝুঁকেছেন। বিদেশি তারকাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও টিম সাউদি, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, ইংল্যান্ডের জেসন রয় এবং আফগানিস্তানের মোহাম্মদ নবি।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হলেও এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকার কারণে তা পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর।