চলতি বিপিএলে টানা চতুর্থ হারে কোণঠাসা ঢাকা ক্যাপিটালস। ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলালো না সিলেটেও। অন্যদিকে এবারের বিপিএলে গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জয়রথ থামাবার কেউ নেই। চায়ের রাজধানী সিলেটে আজও ব্যর্থ সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস। এদিন ঢাকার ১১২ রানের জবাবে রংপুর ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে ১১ উড়িয়ে দিয়েছে। নুরুল হাসান সোহানের দলের টানা পঞ্চম জয়। পয়েন্ট তালিকার আসরের শীর্ষে রংপুর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। দুই ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে থিসারা পেরেরার দল। দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিলেন। ১২ বলে ১৪ রান করে আকিফ জাভেদের বলে বিদায় নেন সোহান। ইনিংস লম্বা করতে পারেননি তারকা ব্যাটার জেসন রয়। ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই ব্যাটার।

বিপিএলে শুভসূচনা আশায় ঢাকার দলে ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হয়নি শাকিব খানের দলের। বরাবরের মতই আজও ব্যর্থ লিটন দাস। নতুন বল ফেস করবেন না বলে আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের ওপর ভর করে ১০০ পার করে ঢাকা ক্যাপিটালস। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে ঢাকার রানের চাকা থামে মাত্র ১১১ রানে। যা এবারের বিপিএলের লক্ষ্য হিসাবে বড্ড বেমানান।

অন্যদিকে এবারের আসরে অপরাজিত রংপুর ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই যুবা চ্যাম্পিয়ন আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজও ছন্দে ছিলেন। এদিন অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতেই তাকে ফেরান মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন হেলস। সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৩ রান।

দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ’র ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয় রংপুরের। ইফতিখার ১২ বলে ৯ এবং খুশদিল ১৩ বলে ৪ চার ও ১ ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। আজ মঙ্গলবার সেই রংপুরের বিপক্ষেই ১৬.৩ ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। জবাবে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে অপরাজিত রংপুর। এ নিয়ে টানা পঞ্চম জয়ে টেবিলের শীর্ষেই আছে তারা।