সিলেটে ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন বিপিএল নিয়ে। বুধবার সকালে কয়েকটি দল অনুশীলনে নামলেও গণমাধ্যমের উপস্থিতিতে সরগরম ছিল গ্র্যান্ড সিলেট হোটেল। জানা যায় সকাল সকাল সিলেটে আসেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এসেই বৈঠকে বসেন তামিম ইকবালের সঙ্গে। আলোচনার বিষয় তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য জাতীয় দলে ফেরানো।

প্রায় দুই দফায় বৈঠক হয় নির্বাচক ও তামিমের মধ্যে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি তামিম। আগামী ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ দিন। তার আগে যেটুকু সময় হাতে আছে, আরেকটু ভাবার জন্য সেটুকু সময় চেয়েছেন তামিম।

তামিমের সঙ্গে প্রধান নির্বাচকের বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তারাও তামিমকে বোঝানোর চেষ্টা করেন বলে জানা গেছে। প্রথম দফার বৈঠকে তামিম জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। তবে দ্বিতীয় দফার বৈঠকে কিছুটা সুর বদলে সময় চান কিছু দিন।

বৈঠক শেষে গাজী আশরাফ হোসেন বলেন, ‘আসলে আজকে (বুধবার) আমাদের নির্বাচকমণ্ডলীর বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে। সেই বৈঠকটা খুব সুন্দরভাবে, আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। দ্যাটস ইট! যা হয়। কারণ আমরা নির্বাচক হলেও সবাই সাবেক ক্রিকেটার। তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, জাতীয় ক্রিকেট, জাতীয় দল, বিপিএল সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে।’
প্রধান নির্বাচকের কথায় আঁচ পাওয়া গেল তামিমও ইতিবাচক রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে। তবে বিষয়টি পরিষ্কার করতে একটু অপেক্ষা করার কথাই বললেন লিপু, ‘আমাদের আলোচনার বিষয় আমাদের মধ্যেই থাক। আমি সরাসরি উত্তরটা দেব। যেহেতু আমি বললাম ব্যাপারটা আলোচনা করেছি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে একটু সময় দিতে হবে।’

২০২৩ সালের জুলাইতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ চলাকালীন হুট করেই অবসরের সিদ্ধান্ত নেন তামিম। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পুনরায় ক্রিকেটে ফেরেন। এরপর সে বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলেন, পরে তামিমকে আর দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে। সবশেষ টেস্ট খেলেছেন তিনি ২০২৩ সালের এপ্রিলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সবশেষ মাঠে নেমেছেন ২০২০ সালের মার্চে। এই সংস্করণ থেকে অবসরের কথা জানান তিনি ২০২২ সালের জুলাইয়ে।

২০২৩ সালের ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তিনি সরে দাঁড়ান। এরপর বোর্ডের কোনো ধরনের চুক্তিতে তিনি আর নেই। তারপরও তাকে নিয়ে আলোচনা থামেনি। বিশেষ করে ওপেনিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করার মতো নির্ভরযোগ্য কাউকে এখনও পায়নি দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে সেই শূন্যতা পূরণেই আবার তামিমের দুয়ারে কড়া নাড়েন নির্বাচকরা।

প্রধান নির্বাচক ইঙ্গিত দিলেন আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না এ জন্য ঘনিষ্ঠজনদের সঙ্গে পরামর্শ করার জন্য হয়তো সময় নিয়েছেন তামিম, ‘আমাদের ওপর বোর্ড আছে। বোর্ডের তরফ থেকে আমরা এসেছি। এখানে কোনো অসুবিধা নেই। পাশাপাশি খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এসব ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধুবান্ধব কিংবা তার প্রিয় কোচ তাদের সঙ্গে আলাপ-আলোচনার একটা ব্যাপার থাকে। সে ক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদের দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, তাকে সময় নিতে দিই, তাড়াহুড়োর কিছু নেই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।’