আইপিএলের আগামী আসরে নেই টাইগার ক্রিকেটারদের উপস্থিতি। একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ‘পিএসএল’। সেখানে টাইগার ক্রিকেটাররা দল পান কি না সেদিকে নজর ছিল। তাতে অবশ্য সায় দিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশি তিন ক্রিকেটার- লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দলভুক্ত করেছে তিনটি দল।

বিপিএলের একাদশ আসরে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে বেশ উজ্জ্বল ভূমিকায় আছেন নাহিদ রানা। দুর্দান্ত পেস, ভেরিয়েশন ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে করছেন রাজত্ব। গত বছর পাকিস্তান সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নাহিদ রানার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। সেই সুবাদে ড্রাফট থেকে এবার সবার আগে দল পেয়েছেন নাহিদ। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ গতি তারকাকে দলে টেনেছে বাবর আজমের দল পেশোয়ার জালমি।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে ঝড় তোলা লিটন দাসও দল পেয়েছেন। ডানহাতি এই ব্যাটারকে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরির দ্বিতীয় ধাপ থেকে দলে নিয়েছে করাচি কিংস। একই ক্যাটাগরি থেকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশের সেরা বোলার হয়েছিলেন। সেই টুর্নামেন্টের পরই আলো কাড়েন তরুণ এই লেগ স্পিনার। এরপর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছিলেন। বিগব্যাশেও ডাক পড়েছিল। ভিসা ও এনওসি জটিলতায় এই দুটি টুর্নামেন্টে খেলতে পারেননি। তবে পিএসএলে এনওসি পেলে পুরো মৌসুমই খেলতে পারবেন রিশাদ।