‘ভাই এখনও দেয়নি, আজকে অবশ্যই ২৫ শতাংশ দেওয়ার কথা’-বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুর্বার রাজশাহীর এক ক্রিকেটার পারিশ্রমিক জটিলতা নিয়ে বলছিলেন এমনটা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও জিজ্ঞেস করা হলে বেশ মন খারাপ করে উত্তর দেন, ‘না’। আজকের দিনেও পারিশ্রমিক না পেলে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নে বেশ হতাশ দেখা গেল তাকে। এক কথায় জানিয়ে দেন, ‘এখনও কিছু জানি না ভাই।’ রাত ৮টার দিকে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে কথা বলেও সদুত্তর পাওয়া যায়নি।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম খেলায় আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। তার আগে যদি পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া হয় তা হলে ম্যাচ না খেলার গুঞ্জনও শোনা গেছে।
বিদেশি ক্রিকেটার ও কোচদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা বলা হলেও দেশি ক্রিকেটাররা এক টাকাও পারিশ্রমিক পাননি। যে জন্য চট্টগ্রামে বুধবার অনুশীলনও করেনি ক্রিকেটাররা। জানিয়ে দেন, ১৬ জানুয়ারির মধ্যে ২৫ শতাংশ টাকা না পেলে ম্যাচ খেলতেও নামবেন না। এরপর নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে বিসিবি কড়াভাবে জানিয়ে দেয় বৃহস্পতিবার ‘ব্যাংকিং আওয়ার’-এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ নগদ পরিশোধ করতে না পারলে বিসিবি তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝপথেই বাতিল করবে। বিসিবির এমন কড়া হুঁশিয়ারির পরও ব্যাংকিং আওয়ারের ভেতর পারিশ্রমিক পরিশোধ করতে ব্যর্থ হয় দলটি।
এমনও শোনা গেছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান না করতে পারলে নিজেদের মালিকানায় বিসিবি দলটি পরিচালনা করবে। এমন সিদ্ধান্তও হয়ে গেছে বলে জানা গেছে বিসিবির বিভিন্ন সূত্র থেকে।
এদিকে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বৃহস্পতিবার বিকালে আশ্বাস দেন, এদিন বিকালেই খেলোয়াড়রা তাদের পারিশ্রমিক পেয়ে যাবেন।
গণমাধ্যমে তিনি বলেন, ‘এটা সত্য যে আমাদের পারিশ্রমিক ২৫ শতাংশ এখনও হয়নি। এরই মধ্যে সংবাদমাধ্যমে এসেছে। আমাদের দলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে। গতকাল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমাদের খুব সৌহার্দপূর্ণ একটা বৈঠক হয়েছে। তিনি আমাদের মালিকের সঙ্গেও কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক নগদে হবে। আরও ২৫ শতাংশ অর্থ চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই দেবে বলেছে।’
এদিকে দলটির একাধিক খেলোয়াড় জানান, মঙ্গলবার রাতে পারিশ্রমিকের ২৫ শতাংশ সংবলিত ১৯ জানুয়ারি একটি চেক দেওয়া হয়। সেই চেক বাউন্স করলেই বিপত্তি বাধে। এরপর জানানো হয় বৃহস্পতিবার বিকালে খেলোয়াড়রা ২৫ শতাংশ পারিশ্রমিক পাবেন। সেই আশ্বাস পেয়ে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামেন খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত যদি কথা না রাখতে পারে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি তা হলে বিসিবি দলটির বিরুদ্ধে সরাসরি ‘অ্যাকশনে’ যাবে। সেই ‘অ্যাকশন’ হচ্ছে, মালিকানা বাতিল করা। চুক্তি অনুযায়ী বিসিবি চাইলেই যেকোনো সময়ে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বাতিল করতে পারবে। লিগের মাঝপথে কোনো মালিকানা পাওয়া যাবে না। এ জন্য বিসিবি নিজেই দল পরিচালনা করবে।


মন্তব্য করুন