রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাসায় অর্পিতা খাতুন (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর বাড্ডা সাতারকুল আলিনগরেরর বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষনা করেন।
মৃত অর্পিতা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দর্জি কয়েরী গ্রামের মো. আকিজ মিয়ার মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা সাতারকুল আলিনগর এলাকায় পরিবারের সাথে থাকতো। এবং ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো।
মৃত অর্পিতার মা তাসলিমা বেগম জানান, তারা উত্তর বাড্ডার ওই বাসায় ভাড়া থাকে। অর্পিতা একটি গার্মেন্টসে করতো। দুই ভাই বোনের মধ্যে অর্পিতা ছিল বড়। ‘ছোট ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। এক মাস পর মাদ্রাসা থেকে আজ বাসায় আসে ছেলে। দুপুরে টেলিভিশন দেখা নিয়ে দুই ভাই বোন ঝগড়া বাধায়।
সেসময় অর্পিতাকে বকাবকি করি। এর কিছুক্ষন পর দেখতে পাই অর্পিতা তার রুমের দরজার পাশে গ্রিলের সাথে গলায় রশি পেচিয়ে ঝুলে আছে।’ দ্রুত ঝুলন্ত থেকে নামিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে অর্পিতাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকা থেকে ওই মেয়েকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকাৎসক মৃত ঘোষনা করেন। স্বজনরা জানান, মায়ের উপর অভিমান করে ফাঁসি দিয়েছে সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন