রাজধানীর যাত্রাবাড়িতে মিনহাজুর রহমান (২৫) নামে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতের বন্ধু শামিম বলেন, মিনহাজ বিএনপি করতেন। তার বাসা সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় । স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজসহ বেশ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

ভগ্নিপতি খালিদ মাহফুজ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ কারী মো: রফিকুল ইসলামের ছেলে মিনহাজ। বর্তমানে সাদ্দাম মার্কেট তুষার ধারা এলাকায় পরিবারের সাথে থাকতো।

তার বাবা রফিকুল ওলামা দলের নেতা। আর মিনহাজ বিএনপি দলের সাথে সম্পৃক্ত ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। সে বিবাহিত তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।